বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, ৩১ মে ২০২৬:

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এক সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, অসাধু ব্যক্তিরা একটি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পরিচয় ব্যবহার করে বিভিন্ন পরিচিত ও অপরিচিত ব্যক্তির কাছে মিথ্যা তথ্য প্রদান করছে এবং আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রতারকরা একটি নির্দিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং অর্থ দাবি করছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মহাপরিচালক বা রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন বা অন্য কোনো মাধ্যমে অর্থ লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদানের অনুরোধ এলে তা যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে কোনো সন্দেহজনক যোগাযোগ বা প্রতারণার প্রচেষ্টা লক্ষ্য করলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।