মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত ঐতিহাসিক এই স্থাপনা: ইয়াসের খান চৌধুরী
চট্টগ্রাম: কালুরঘাট বেতারকেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এই কেন্দ্র থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান। তাই এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছর অথবা আগামী অর্থবছরের মধ্যে এই বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, নিউ মিডিয়ার মাধ্যমে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষণীয় ও সচেতনতামূলক রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউ মিডিয়া প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, কোনটি সঠিক তথ্য, কোনটি মিসইনফরমেশন এবং কোনটি ডিজইনফরমেশন—তা শনাক্ত করতে বিভিন্ন টুলস ও সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাই করে জনগণকে সঠিক তথ্য সম্পর্কে অবহিত করা হবে।
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও আধুনিক ও দর্শকবান্ধব করার পরিকল্পনার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বিটিভির জন্য ফরেনসিক অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অথবা আগামী ১০ দিনের মধ্যে অডিট কার্যক্রম শুরু হতে পারে।
অডিট প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালাইজেশনসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিটিভির জনপ্রিয় সিগনেচার অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’র আবেদন গ্রহণের জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
অনুষ্ঠানটি আরও সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা গেলে দর্শক-শ্রোতাদের বিটিভির প্রতি আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ বেতারের এফএম সম্প্রচার আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
কালুরঘাট বেতারকেন্দ্র, কালুরঘাট বেতারকেন্দ্র সংরক্ষণ, ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশ বেতার, বিটিভি, নতুন কুঁড়ি, মিসইনফরমেশন, ডিজইনফরমেশন, নিউ মিডিয়া প্রকল্প।
কালুরঘাট বেতারকেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত উল্লেখ করে ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।