টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন: উপ‌জেলার রাজ‌গোলাবা‌ড়ি গ্রা‌মের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও আরজুর স্ত্রী সম্পা বেগম (৪০)।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মিজানুর রহমান তালুকদার ব‌লেন, স্বামী ও স্ত্রী বা‌ড়ি ফেরার পথে ঝাওয়াইল ইউনিয়‌নের মোহাইল এলাকার রেলব্রিজ পার হচ্ছিলেন। এ সময় আরজু রেলব্রিজ পার হলেও ট্রেন আসতে দেখে তার স্ত্রী দাঁড়িয়ে যান। পরে স্ত্রী‌কে পার করতে গি‌য়ে দুজনেই ট্রেনে কাটা প‌ড়ে নিহত হন। পরে স্বজনরা খবর পে‌য়ে দুজনের মর‌দেহ বা‌ড়ি‌তে নিয়ে যান।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে ঝাওয়াইল এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই স্বামী-স্ত্রী নিহত হন। দুজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।