প্রধানমন্ত্রী যখন মনে করবেন, তখন তিনি নির্বাচনকালীন একটি ছোট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না। নির্বাচনের সময় প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ছোট আকারের মন্ত্রিসভা গঠন করতে পারেন।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই। সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে।
রোববার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে আনিসুল হক বলেন, বিদেশি সংস্থা মতামত দেওয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার তা করবে। আগামী সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজরাও দিন দিন কৌশলী হচ্ছে। তাই বিচারকদেরও বিচক্ষণ হতে হবে। তাছাড়া মামলার জট কমাতে হবে। এসব ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্নীতির মামলা বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের জন্য আয়োজিত ‘১৫০তম রিফ্রেশার কোর্স’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। এ সময় মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।