বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সম্প্রতি প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল ও বার্তা পাঠিয়ে সাধারণ মানুষ, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি মহাপরিচালক মো. আফজাল হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া WhatsApp আইডিও খোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতারক চক্রটি বিভিন্ন কৌশলে আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে যোগাযোগ করছে বলে জানা গেছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছে।
প্রতারকদের ব্যবহৃত একটি মোবাইল নম্বর হলো: ০১৮২৬০৯৫১৪৯।
বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মহাপরিচালকের নামে বা পরিচয়ে কোনো ব্যক্তি আর্থিক লেনদেন, অর্থ সহায়তা কিংবা ব্যক্তিগত তথ্য চেয়ে যোগাযোগ করলে তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সাধারণ জনগণ ও রেলওয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপরিচিত নম্বর থেকে কল বা বার্তা পেলে যথাযথভাবে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সন্দেহজনক কোনো যোগাযোগ বা প্রতারণার চেষ্টা পরিলক্ষিত হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী০ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন থাকতে হবে এবং ভুয়া পরিচয়ে পরিচালিত যেকোনো যোগাযোগ সম্পর্কে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে।