রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, একটি প্রতারক চক্র সচিবের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মোবাইল নম্বরে কল ও বার্তা পাঠাচ্ছে। এসব যোগাযোগ সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযোগ অনুযায়ী, প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল নম্বরটি হলো ০১৬১৪৭৯৮০৮৭। এ নম্বর থেকে সচিবের পরিচয়ে যোগাযোগ করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সচিবের পরিচয়ে কোনো কল, বার্তা বা আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা যাচাই-বাছাই ছাড়া গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি এ ধরনের প্রতারণার বিষয়ে সচেতন থাকার এবং সন্দেহজনক কোনো যোগাযোগ পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।