রাজধানীতে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় প্রযুক্তা সাহা (১৬) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।   রোববার (২৮ মে) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রযুক্তা ধানমন্ডির একটি স্কুলের ইংলিশ মিডিয়ামে ‘ও’ লেভেল এ পড়াশোনা করছিল। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। হাজারীবাগের জাফরাবাদ ঋষিপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে।

হাসপাতালে স্কুলছাত্রীর বাবা শ্যামা প্রসাদ সাহা জানান, তাদের একমাত্র সন্তান প্রযুক্তা। এক মুসলিম ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় তার। বিষয়টি জানতে পেরে অনেক বোঝানো হয়; কিন্তু সে বুঝতে চায় না। আজ দুপুরে তার মা বিষয়টি নিয়ে বকাঝকা করে। এতে অভিমানে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

বিষয়টি বুঝতে পেরে মা’সহ পরিবারের লোকজন তাকে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।