খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে দায়িত্ব পালন করবেন তারা।
শনিবার (২৭ মে ) কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। এই ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন এবং আমরা বদ্ধপরিকর। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে দায়িত্বে পালন করবেন।
তিনি বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংসহ অন্যান্য প্রচারণা করতে পারবেন।
খুলনা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, আমাদের প্রত্যেককে ৩ থেকে ৪টি ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। সেই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে ট্যাগ করানো আছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সও থাকবে। প্রার্থীদের আচরণবিধিতে যেসব বিষয় উল্লেখ রয়েছে, সেগুলো কেউ লঙ্ঘন করছে কিনা, যদি কেউ করে থাকে প্রাথমিকভাবে তাদের ডেকে আমরা সতর্ক করছি। প্রার্থী, তাদের এজেন্ট ও দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের আমরা সতর্ক করছি। পরবর্তীতে যদি কেউ নির্দেশ অমান্য করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।