নৌকার নয়, ব্যক্তির পরাজয় হয়েছে: জাহাঙ্গীর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ফল ঘোষণার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিটির সবাই আমার বাবা-মা ও ভাইবোন। তারা সবাই আমার মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

জাহাঙ্গীর আলম বলেন,‘আমি জন্মের পর থেকেই আওয়ামী লীগ করি। আমি এখানকার আওয়ামী লীগের পরীক্ষিত ব্যক্তি। মানুষ আমার মায়ের পাশে দাঁড়িয়েছে। আমি ও আমার মা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। আমরা সবার সহযোগিতা নিয়ে একটা সুন্দর শহর গড়ে তুলব।’

তিনি বলেন, গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে। আমি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়নি, যাবও না। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা যেমন ছিল, তেমনি আছে আমরা ব্যক্তির বিরুদ্ধে লড়েছি। গাজীপুর সিটি নির্বাচনে মায়েদের জয় হয়েছে। মা সবাইকে নিয়ে কাজ করতে চান।

নিজের সর্বোচ্চটা দিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালনে মাকে সহযোগিতা করবেন বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাজীপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত নগরে পরিণত করব। মহান সৃষ্টিকর্তা আমার মায়ের পাশে ছিলেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এ সময় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে নিয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘যারা এখানে মেয়র নির্বাচন করেছেন। আমার বড় ভাই আজমত উল্লা খান এখানে নির্বাচন করেছেন। আমাদের ব্যক্তিগতভাবে কারও প্রতি রাগ, ক্ষোভ নাই। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজটি করতে চাই।’