পদ হারালেন ওয়াসা বোর্ড চেয়ারম্যান
এমডির বিরুদ্ধে অভিযোগের জের
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দিয়ে এবার নিজের পদ হারালেন সংস্থার বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। বোর্ড সদস্য সুজিত কুমার বালাকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
জানা গেছে, প্রকৌশলী গোলাম মোস্তফা বর্তমানে কানাডার টরেন্টোতে রয়েছেন। সোমবার (২২ মে) রাতে তিনি একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে গত বছরের অক্টোবর মাসেই তার মেয়াদ শেষ হয়ে গেছে।
কিন্ত নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। সেই মেয়াদ শেষে তাকে বিদায় দিলে কিছুই বলার থাকতো না। কিন্ত যখনই তিনি বর্তমান এমডি তাকসিন এ খানের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করলেন, তখনই তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে তিন জানান। গোলাম মোস্তফা বলেন, “তাকসিন যে ভাবে ইচ্ছে সেভাবে ওয়াসাকে চালাবেন। তিনি বোর্ডতে কিছুই করতে দিবেন না”।
উল্লেখ্য, গত ১৭ মে বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত চিঠি দেন। চার পৃষ্টার সেই পত্রে সেখানে তিনি তাকসিনের নানান দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।