যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (২১ মে) একটি ফ্লাইটে করে দেশে ফিরেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে সেখানে যান সেনপ্রধান। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে গত ১৬-১৮ মে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক কনফারেন্সে অংশগ্রহণ করেন।

আইএসপিআর জানায়, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক কনফারেন্সে ৩০টি দেশের সেনাবাহিনী প্রধানগণ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা মহাকাশ হুমকি মোকাবেলা, স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুত করা, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবেলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি সেনাবাহিনী প্রধান সেখানে বিভিন্ন দেশ হতে আসা সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

এসময় তাঁরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।