মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তারা (আমেরিকা) তো বলে কয়ে কিছু করে না। তবে আমি আশা করছি, এ বিষয়ে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে।
সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপানারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।
মার্কিন দূতাবাস নাগরিকদের দেশে চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে – এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খুবই দু:খজনক। আরও সাত আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন, তারা কেন এ সতর্কতা দিলো। আমাদের দেশে হত্যা নেই; আর গুলি করে কাউকে মারা হয় না।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা অনেক কিছু বলেন যেন অন্যান্য দেশের জন্য একটা সতর্কবার্তা থাকে। সেটার আক্ষরিক অর্থ কি আমি বলতে পারব না। তবে আমি বলতে পারি, এটা হচ্ছে ইঙ্গিত যে বাংলাদেশ বিজয়ের জাতি। আমরা ফেলে দেওয়ার দেশ না।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দৈনিক কালবেলা একটা রিপোর্টে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে, আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন, আমি সারাজীবন আমেরিকায় ছিলাম, সেখানে কাজ করেছি।’
পররাষ্ট্র বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধী ধরে নিয়ে আসে। তারা খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।