গাজীপুর সিটি নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ

আগামী ২৫ মে বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে)  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এ জন্য ২৪ মে রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়াও ২৩ মে দিবাগত রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনে সংবাদ সংগ্রহে দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে), আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনের বৈধ পরিদর্শক, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এ ছাড়াও নির্বাচনি এলাকায় ২৩ মে ভোর ৬টা থেকে ২৭ মে দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ।