প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় মোখা সরাসরি মনিটরিং করছেন : কাদের

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৪ মে) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শোনা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আজ কক্সবাজারের এক প্রান্ত দিয়ে মিয়ানমারের দিকে ধাবিত হচ্ছে। অনেক সময় দেখা যায়, আমরা খুব বেশি প্রস্তুতি নিয়ে থাকি, খুব বেশি সতর্কতা অবলম্বন করি। পরে দেখা যায়, বাস্তবে ঘূর্ণিঝড়টি কেটে গেছে। আমরা সেটাই কামনা করি। ঘূর্ণিঝড় হলে কত ভয়ংকর রূপ নেয় অতীতে আমরা দেখেছি। এবার আমরা সব প্রস্তুতি নিয়েছি।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।