যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৫ বাংলাদেশি। সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ সময় তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এরআগে যুদ্ধকবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ তিনটি বিমানে রোববার জেদ্দায় পৌঁছান। সৌদি এয়ারফোর্সের দুটি বিমানে দুপুরে মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দা পৌঁছান। পরে আরও একটি বিমানে ৬৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি বিমান জেদ্দায় পৌঁছে।
সুদান থেকে আসা এই বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।
এই বাংলাদেশিদের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সবরকম সহায়তা দেয়।
এদিকে সুদানে আটকেপড়া বাকি ৫৪০ জন বাংলাদেশিকে দ্রুত সৌদি আরবে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক।
গত মাসের ১৫ এপ্রিল সুদানে গৃহযুদ্ধ শুরুর পর হামলা হয় রাজধানী খার্তুমে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। এমন পরিস্থিতিতে সেখানে আটকেপড়া ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়। গত ৩ মে রাজধানী খার্তুম থেকে ৮৫০ কিলোমিটার পথ বাসে পাড়ি দিয়ে পোর্ট সুদানে নেয়া হয় তাদের।
পোর্ট সুদান থেকে জাহাজে করে জেদ্দায় নেয়ার কথা কথা থাকলেও, ট্রাভেল পারমিট ও জাহাজ পাওয়া নিয়ে জটিলতার কারণে এতদিন পোর্ট সুদানেই অপেক্ষায় ছিলেন বাংলাদেশিরা।
দূতাবাস বলছে, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। তাদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।