বাংলাদেশের প্রশংসা পুরো বিশ্ব করছে, শুধু পারে না বিএনপি : তথ্যমন্ত্রী

জননেত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় বদলে গেছে সমগ্র বাংলাদেশ, সেই কারণে সমগ্র পৃথিবী আজকে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সমগ্র বিশ্বের প্রশংসা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আবোল-তাবোল বকছে।

শনিবার (৬ মে) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নবনির্মিত তেলিপাড়া সেতু সংলগ্ন চত্বরে বিভিন্ন দপ্তরের অর্থায়নে চার ইউনিয়নে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত শতাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিএনপি নেতাদের একটু মানসিক চিকিৎসা করা প্রয়োজন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সম্ভবত গরমের কারণে তাদের মাথা একটু খারাপ হয়ে গেছে। কারণ কিছু কিছু মানুষ আছে বেশি গরম পড়লে মাথা ঠিক রাখতে পারে না। তাদেরও এটা হয়েছে কিনা সেটিই আমার প্রশ্ন? আবার কিছু মানুষ আছে শীতকাল আসলে মাথা ঠিক থাকে না। তাদের কিন্তু দুই মৌসুমেই মাথা ঠিক থাকে না।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল, গয়েশ্বর বাবু, খন্দকার মোশাররফ, রিজভী ও আমির খসরু সাহেব দেখি আমাদের সমালোচনা করে। এটির কারণ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ বদলে গেছে, এতে সমগ্র পৃথিবী শেখ হাসিনার প্রশংসা করছে, তাতে উনাদের মাথা খারাপ। আমি তাদের বলবো, আপনারা মাথা খারাপ না করে ঠাণ্ডা রাখুন। আপনারাও স্বীকার করুণ আজকে দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে।

তিনি বলেন, গত সোয়া ১৪ বছর সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি একজন এমপি হিসেবে জনগণের সঙ্গে থাকার এবং অভাব অভিযোগ শোনার। যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করেছি।

সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং জেলা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা, শিলক ও পদুয়া ইউনিয়নে পৃথক তিনটি পথসভার আয়োজন করা হয়। বিকেলে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বিদ্যালয়ের সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানি, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশাদ মাহমুদ প্রমুখ।