মঙ্গলবার (২ মে ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ৪ বাংলাদেশি যুবককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে । ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হয়েছিল বাংলাদেশি এই ৪ যুবক।
ফেরত আসা বাংলাদেশি যুবকেরা হলেন- বাগেরহাটের লুৎফুর আলীর ছেলে হায়দার আলী, ইমদাদুল আলী, হাসান আলী ও একই এলাকার আলম শেখের ছেলে সাইফুল ইসলাম।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়। এসময় পাচারকারীরা তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে গিয়ে জোর করে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে একটি বেসরকারি সংস্থা(এনজিও) তাদেরকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে পাচার হওয়া এই ৪ বাংলাদেশিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, ভারতে পাচার হওয়া ৪ যুবককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের কাছে হস্তান্তর করেছে। পাচার হওয়া এসব যুবককে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।