রাষ্ট্র আমলাদের হাতে বন্দি: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমাদের রাষ্ট্র সামরিক ও বেসামরিক আমলাদের হাতে বন্দি হয়ে গেছে। দারিদ্র্যসীমা ও বৈষম্যের ফারাক অনেক বেশি হয়ে গেছে।

তিনি বলেন, দারিদ্র্যসীমা কমিয়ে আনতে পারলেও সমাজে অর্থনৈতিক বৈষম্য এমনভাবে বেড়েছে, যা তুলনাহীন পর্যায়ে চলে গেছে। অনেকে অর্থনৈতিক বৈষম্যের কথা স্বীকার করতে চান না। কিন্তু তারাও এখন বলতে বাধ্য হচ্ছেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, সোশ্যাল সেফটি বা সামাজিক নিরাপত্তা কোনো দান বা খয়রাত নয়। এটা অধিকার। সামাজিক নিরাপত্তার বিষয়টি বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয়েছিল। বর্তমান সরকারের আমলে ২০১৫ সালে ভাতার প্রচলন শুরু হয়।  এটাকে রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে সফলভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তার পরিমাণ ও বরাদ্দ বাড়াতে হবে। সামাজিক নিরাপত্তার মধ্যে সরকারি পেনশনকে অন্তর্ভুক্ত করে বড় বরাদ্দ দেখানো হয়। আমরা এটা বাদ দেওয়ার জন্য বললেও সেটা করা হয়নি। তবে আইএমএফ এবার সেটা আবারও বলেছে। হয়তো এবার সরকার শুনবে। কারণ, আমরা বিদেশিদের কথা ভালো শুনি। আজকে সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে সিপিডি যে প্রস্তাব দিয়েছে, সেটা যৌক্তিক।