ঈদের ছুটি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও রাজধানীর বাজারগুলোতে ফেরেনি স্বাভাবিক চিত্র। এখনও ক্রেতা তুলনামূলক কম। বেশ কিছু পণ্যের সরবরাহও স্বাভাবিক হয়নি।
শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর মালিবাগ ও মধুবাগ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ঈদের পরে প্রথম সাপ্তাহিক ছুটির দিন সকালে বাজার করতে এসেছেন অনেক ক্রেতা। বিক্রেতাদের সঙ্গে দামাদামি করে কিনছেন শাক-সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এর মধ্যে মুরগির দাম বেড়ে গেছে আরেক দফা। ঈদের আগে গরু, খাশি ও মাছের বাড়তি দাম কমেনি এখনও। দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে আলু-পেঁয়াজ। তবে সবজির সরবরাহ চাহিদার চেয়ে বেশি, ফলে কমেছে দাম।
রমজানের পুরো এক মাস স্থিতিশীল থাকার পর আবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে মুরগির বাজার। ঈদের দুই-তিন দিন আগে হুট করে বেড়ে যাওয়া ব্রয়লারসহ অন্যান্য মুরগির দাম এখনো কমেনি। এতে ভোগান্তিতে পড়েছেন বাজার করতে আসা ক্রেতারা।
রোজার আগে লাফ দেওয়া ব্রয়লার মুরগি রোজায় কেজিপ্রতি ২০০ টাকায় নেমে এলেও ঈদের আগে আবার বাড়ে। ঈদ শেষে আরও খানিকটা বেড়ে এখন দাম ২৩০ থেকে ২৪০ টাকা। এছাড়া সোনালী ৩৬০-৩৮০ টাকা, লেয়ার ৩৫০ টাকা।
মুরগির দাম বাড়লেও আগের মতোই আছে মাংস ও ডিমের দাম। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা, খাসি ১১০০ টাকা ও ছাগল ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লাল ডিম ৪৩ টাকা, সাদা ডিম ৪০ টাকা ও হাসের ডিম ৬০ টাকায় বিক্রি হচ্ছে।