শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, চিন্তাশক্তি ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা ও বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়ে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের মাঠ উন্নয়নের বিষয়ে মাহবুবের রহমান শামীম বলেন, মাঠটির উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনেও জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাঁর স্কুলজীবনে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, নারী শিক্ষার প্রয়োজনীয়তা কিংবা বর্ষাকাল আশীর্বাদ না অভিশাপ—এ ধরনের বিভিন্ন বিষয়ে বিতর্কের আয়োজন করা হতো। এসব আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে সহায়তা করত।
তিনি আরও বলেন, জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজ হাইস্কুল ও মুসলিম হাইস্কুলের বিতর্ক প্রতিযোগিতায় জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়েও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হলে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনাছের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।