চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বহিঃনোঙ্গর এলাকায় অভিযানটি পরিচালনা করেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। যার ওজন ৩৭ হাজার ৫০০ কেজি বা ৩৭ দশমিক ৫ টন। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযানে সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত একটি বোট জব্দ এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।