জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লাল গালিচা সংবর্ধনা

চারদিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান।  বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সানসুকে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করছেন।

টোকিওর বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়।  জাপান সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর এই প্রাসাদেই অবস্থান করবেন।  সফরকালে টোকিওর সঙ্গে আটটি চুক্তি সই হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আইসিটি ও সাইবার সিকিউরিটি কো-অপারেশনসহ বিভিন্ন সেক্টরে আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হতে পারে।