ফিলিপাইনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এসময় নিখোঁজ হয়েছেন আরও ৮৭ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্টগার্ড।
তারা বলছে, এম/ভি জুন অ্যাস্টার নামের সেই ফেরিটিতে যখন আগুন লাগে, সে সময় সেটি সাগরতীর থেকে থেকে ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। যাত্রী ও ক্রু মিলিয়ে সেখানে ছিলেন ১৩৪ জন যাত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনে পুড়তে থাকা সেই ফেরিটির ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, পুরো ফেরিতে আগুন ধরে যায়।
কোস্টগার্ড ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব বলেন, আগুন লাগার পর প্রায় সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। ফেরিটি থেকে ৪২ জনকে জীবিত এবং ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৭ জন নিখোঁজ অবস্থায় আছেন।
জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ৩৮ জন যাত্রী। বাকি চার জন ওই ফেরিটির ক্রু। নোয়েমি আরও বলেন, আগুন লাগার পর অনেক যাত্রী আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দেন। কমপক্ষে ৮৭ জন যাত্রী এখনও নিখোঁজ। তাদের অনুসন্ধানে তৎপরতা চলছে।
এদিকে ঠিক কী কারণে ফেরিটিতে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।