মৌসুমি হিজড়া হত্যা, কথিত স্বামী মোমিন গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে হত্যার ঘটনায় মো. মোমিন ওরফে শেখ রনিকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. মোমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা স্টেডিয়ামের পাশে খ্রিস্টান পাড়া (পাঠানপাড়া) এলাকায় ফাল্গুনী হিজড়া নামের এক হিজড়া নেত্রীর বাড়িতে থাকতেন।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, সিসিটিভি ফুটেজে যে যুবককে দেখা গিয়েছিল, তাকে ঘিরেই মূলত তদন্ত এগোচ্ছিল। সন্দেহভাজন মোমিনকে গ্রেপ্তার করার পর এখন জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো হত্যাকাণ্ডের মূল কারণ বা রহস্য সম্পর্কে উল্লেখযোগ্য কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মোমিন স্থানীয়ভাবে ফাল্গুনী হিজড়ার ‘কথিত স্বামী’ হিসেবে পরিচিত। সিসিটিভি ফুটেজে দেখে শনাক্তের পর, বিশেষ অভিযান চালিয়ে মোমিনকে গ্রেপ্তার করা হয়। তবে হত্যাকাণ্ডের মূল রহস্য এবং লুণ্ঠিত টাকা উদ্ধার নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

এর আগে, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মৌসুমী হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। মৌসুমী ওই বাসায় একা থাকতেন। তদন্তে নেমে পুলিশ বাসার কাছের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে।