সাভারে তালাবদ্ধ ঘরে মিলল নবজাতকসহ ৩ জনের লাশ

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে তাদের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা। কক্ষটির দরজা-জানালা প্রায় সবসময় বন্ধ থাকত। শুক্রবার রাতে ওই ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
প্রতিবেশী এক বাসিন্দা বলেন, ‘ঘরটি সবসময় বন্ধ থাকত। বাইরে থেকে তেমন কোনো কিছু বোঝা যেত না। পরে ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে আমরা পুলিশকে খবর দিই।’
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুন ব্যবস্থা প্রক্রিয়াধীন।