মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে দাবা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে মহাদেবপুর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজন করে। ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অন্য ভেনু গুলি হলো জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ পুকুর। মাদক এবং প্রযুক্তির খারাপ দিক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে দেশের অন্যান্য স্থানের ন্যায় মহাদেবপুর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হ্যান্ডবল কাবাডি সাঁতার ও দাবা খেলা প্রতিযোগিতার আয়োজন করে।
সুষ্ঠুভাবে ৫৩ তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদযাপনের লক্ষ্যে মহাদেবপুর উপজেলা পরিষদ প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে ৫ টি উপকমিটি সহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় রামচন্দ্রপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা ) মোঃ ইখতিয়ার উদ্দিন কে আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট হ্যান্ডবল ও কাবাডি পরিচালনা উপ কমিটি, মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা ) রতন কুমার কে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট সাঁতার প্রতিযোগিতার পরিচালনা উপ কমিটি, শালবাড়ি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ কুরবান আলীকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট দাবা প্রতিযোগিতা পরিচালনা উপ কমিটি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি কে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট বয়স নির্ধারণ উপ- কমিটি, এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামকে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট পুরস্কার ক্রয় উপ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে গত ১ সেপ্টেম্বর জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। এসময় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহিম হোসেন, খাজুর ইউপি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কালু শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বারিকুল রহমান , ধনজইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার, মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভিন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষকগণ এবং ক্রীড়া মোদী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উপজেলার
৫২ টি উচ্চ বিদ্যালয় ,২৮ টি মাদ্রাসা এবং ২ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের বুদ্ধিদীপ্ত শিক্ষার্থীরা দাবা খেলায় অংশগ্রহণ করে।#