ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

বাতাসের মান নিয়ে আবারও অস্বস্তিকর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বায়ুমান সূচকে ১০৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১ নম্বরে উঠে এসেছে ঢাকা। এই মাত্রার বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তবে ঢাকার চেয়েও ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে মালয়েশিয়ার কুচিং শহরে। ২৭৩ স্কোর নিয়ে শহরটি রয়েছে তালিকার শীর্ষে। এই মাত্রার বায়ুকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। আজ সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এসব তথ্য উঠে এসেছে।

তালিকায় কুচিংয়ের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বায়ুমান স্কোর ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দূষণের দিক থেকে এরপরের অবস্থানগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় ও চীনের চিংডুসহ আরও কয়েকটি শহর।