অবশেষে স্বস্তির বৃষ্টি

দুই সপ্তাহ টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সোয়া ৫টার পর খিলগাঁও, ফার্মগেট, বাংলামোটর, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল, আগারগাঁও, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এ বৃষ্টি শুরু হয়।

গত ৪ এপ্রিল দেশের ৬ বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।

দাবদাহের পর গত ১৭ এপ্রিল সিলেটে প্রথম স্বস্তির বৃষ্টির দেখা মেলে। এরপর হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু। এতে জনজীবনে স্বস্তি ফেরে।

এদিকে দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।