নেইমারকে নিয়ে দুশ্চিন্তা, নেই অনুশীলনে

করিন্থিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বির আগে নেইমার জুনিয়রকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সান্তোস। মৃদু ফ্লুর উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার দলের মূল অনুশীলন সেশনে অংশ নেননি ব্রাজিলিয়ান ক্লাবটির অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা।
বাংলাদেশ সময় রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১টায় নিও কিমিকা অ্যারেনায় চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ানসের মুখোমুখি হবে সান্তোস। ম্যাচের আগে সিটি রেই পেলে প্রশিক্ষণ কেন্দ্রে শেষ মুহূর্তের কৌশল নিয়ে যখন প্রস্তুতি নিচ্ছিল দল, তখন সেখানে ছিলেন না নেইমার।
তবে আপাতত নেইমারের অসুস্থতা নিয়ে বড় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে সান্তোস। চোট বা শারীরিক সমস্যা যেন আরও না বাড়ে, সে কারণেই ক্লাবের স্বাস্থ্য বিভাগের পরামর্শে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, ফ্লুর উপসর্গ অনুভব করায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী শুক্রবারের অনুশীলন থেকে নেইমারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ডার্বির আগে নেইমার দলের অনুশীলনে ফিরবেন এবং ম্যাচে খেলার মতো পুরোপুরি ফিট থাকবেন-এমনটাই আশা করছে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার ওপরই নির্ভর করবে করিন্থিয়ানসের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামা।
চলতি মৌসুমে সান্তোসের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা নেইমার। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই ব্রাজিলিয়ান তারকা।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ৯ গোল করেছেন নেইমার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল। তাই মর্যাদার এই ডার্বিতে তাকে পাওয়া যাবে কি না, সেটিই এখন সান্তোস সমর্থকদের সবচেয়ে বড় উদ্বেগ।