গুম ও মানবাধিকার নিয়ে শক্তিশালী আইন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম ও মানবাধিকার নিয়ে শক্তিশালী আইন করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৩০ আগস্ট) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গুম ও মানবাধিকার নিয়ে শক্তিশালী আইন উপস্থাপন করেছি। নতুন আইনে গুমের ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবে অভিযুক্ত ব্যক্তি কিংবা রাষ্ট্র।

তিনি বলেন, জুলাইয়ে প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানসহ সবকিছু ঢেলে সাজাব। গুমের শিকার সবার বিচার নিশ্চিত করা হবে।

শেখ হাসিনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার বিচার রাজনৈতিকভাবে হবে। গুম করে লাশ গায়েব করে ফেলা হয়েছে। অনুশোচনা, দুঃখ প্রকাশ তো দূরের কথা, একটি দেশে বসে একদল অযৌক্তিক কথা বলছে, যা লজ্জার। আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে।

বিরোধী দলের ওয়াকআউটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াকআউট একটা প্রতিবাদ, সেটারও একটা নিয়ম আছে। ওয়াকআউট করলে জনগণ আপনাদের কথা জানবে না। বিরোধী দলের প্রতি আহ্বান, সবকিছুতে অংশগ্রহণ করুন, নিজেদের মতামত জানান।