জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG136-এ অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরে ফ্লাইটটি জরুরি ভিত্তিতে মাস্কাটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া তথ্যমতে, জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চট্টগ্রামের বাসিন্দা আনুমানিক ৫৫ বছর বয়সী সানোয়ারা বেগম নামের ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করে অবতরণ করা হয়। পরে বিমানবন্দর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলমান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, যাত্রীবাহী ফ্লাইট BG136 মাস্কাট থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দিয়েছে। ফ্লাইটটি আজ বুধবার আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।