ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফেনীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ফেনী সদর থানার লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি যাত্রীবেশে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে ইয়াবার চালান নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় পেছনের আসনে থাকা নাছির উদ্দিন কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা তাকে আটক করেন।

পরে তার সঙ্গে থাকা একটি কাঁধব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলিজিপার প্যাকেটে রাখা ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা

আটক নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আলম।

র‍্যাব-৭ জানিয়েছে, আটক নাছির উদ্দিন ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।