চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের সিভিল সার্জনের দায়িত্ব পান ডা. জাহাঙ্গীর আলম। তার দায়িত্বকালেই স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া সিভিল সার্জনের নাম ব্যবহার করে অর্থ আদায় এবং বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রদান ও নবায়ন নিয়েও নানা অভিযোগ ছিল।
নতুন সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও বাড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।