ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদ্‌যাপনে সিএমপিতে মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মতবিনিময় সভা করেছে।

সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিএমপি কমিশনার। একই সঙ্গে অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‌্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভা শেষে আসন্ন ঈদ-ই-মিলাদুন্নবী (স.) অনুষ্ঠান সফল, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।