চট্টগ্রামে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় কাভার্ডভ্যান চালক মো. সজিবকে (২৭) পরিকল্পিতভাবে হত্যা ও মরদেহ গুমের অপরাধে তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাউসার সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. নুরুল আমিন, মো. শাহজাহান এবং মো. নুরুল আলম টুটুল। আসামিদের মধ্যে মো. নুরুল আমিন ও মো. শাহজাহান বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে আসামি মো. নুরুল আলম টুটুলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও নথি অনুযায়ী, ২০২১ সালের ২৫ অক্টোবর মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন নোয়াখালীর চাটখিলের কাভার্ডভ্যান চালক সজিব। পরবর্তীতে ২৭ অক্টোবর দুপুরে পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকার একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন।

পরবর্তীতে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে সজিবকে হত্যার কথা স্বীকার করে। মামলায় ৩৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। আইন অনুযায়ী আসামিরা আগামী সাত দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়েরের সুযোগ পাবেন।