জ্বালানি (গ্যাস) সংকটের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএলের (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড) ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। টানা ২৬ দিন ধরে বিদ্যুৎকেন্দ্রটি অচল থাকার পাশাপাশি অঞ্চলের অন্য দুটি বেসরকারি কেন্দ্রেরও উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসায় গোটা ময়মনসিংহ বিভাগজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়।
আরপিসিএল সূত্রে জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুতের ঘাটতি মেটাতে ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৯৭ সালে শম্ভুগঞ্জে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। তবে ২০০৭ সালের পর থেকেই এটি গ্যাসসংকটে ভুগছে। বিগত বছরগুলোতে ৩০-৩৫ মেগাওয়াট উৎপাদনে টেনেটুনে চললেও শেষ পর্যন্ত গত ২৬ দিন ধরে এর উৎপাদন শূন্যে নেমে এসেছে।
উৎপাদন বন্ধ থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ময়মনসিংহ আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ জানান, জ্বালানি সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই সংকটের পেছনে তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া তেল-গ্যাস সংক্রান্ত চুক্তি এবং পরবর্তীতে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করেছেন। সমস্যা সমাধান হয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে তিনি জানান।
এদিকে গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎকেন্দ্রটি অচল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভাগের সাধারণ বাসিন্দারা। শহরের এলাকাগুলোতে ৮ থেকে ১০ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। ভ্যাপসা গরম, বিদ্যুতের স্থায়ী অভাব এবং একই সাথে দেখা দেওয়া গ্যাসসংকটের কারণে গৃহস্থালির রান্নাবান্না, শিক্ষার্থীদের পড়াশোনা ও সাধারণ ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।