চট্টগ্রাম নগরীর চকবাজারে বাসার তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মো. রহমত ওরফে হাসান (২৯) ও সাজ্জাদ হোসেন ওরফে অর্পূ (২৭)। শনিবার (১৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে চকবাজারের ডিসি রোডের কালাম কলোনির একটি বাসার তালার হুক ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে চোরচক্রটি। এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়।
মামলার তদন্তে শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই আসামিকে শনাক্ত করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজারের বিএন জুয়েলার্সে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও ২টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তাররা নগরীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরি করা একটি সংঘবদ্ধ পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।