শ্রীপুরে পারিবারিক বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাট: নারী ও প্রতিবন্ধী শিশুসহ আহত- ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে এক বৃদ্ধা এবং দুইজন প্রতিবন্ধী তরুণ-তরুণী রয়েছেন। এ সময় হামলা কারীরা নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অবিযোগ। ভুক্তভোগী পরিবার জানান ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (নোমান ফ্যাক্টরির পেছনে) এলাকায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভুক্তভোগী মোছাঃ মুক্তা (৩৫) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেপিরবাড়ী এলাকার বাসিন্দা মোছাঃ মুক্তা বিবাদী কলিম উদ্দিন শেখের কাছ থেকে ৩.৫০ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে বিবাদী মোঃ রিপন মিয়া (৩৫), কলিম উদ্দিন শেখসহ (৬০) অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ওই পরিবারের কাছে (তিন লাখ) টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাদের রাস্তা দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না এবং বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে বলে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।এরই ধারাবাহিকতায় আজ ১৩ আগস্ট সকাল ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা মুক্তার বসতবাড়িতে ঢুকে হামলা চালায়, মুক্তার চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বৃদ্ধা মাতা মল্লিকা বেগম (৬৫), তার প্রতিবন্ধী ছেলে তালহা (১৪) এবং প্রতিবন্ধী মেয়ে তাশফিয়া (১২)। হামলাকারীরা বৃদ্ধা মা এবং দুই প্রতিবন্ধী সন্তানকেও ছাড় দেয়নি তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে হামলাকারীরা বসতঘরের টিনের চতুপার্শ্বের আওতা বেড়া এবং পিলার ভাঙচুর করে আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক ক্ষতিসাধন করে।পরবর্তীতে প্রতিবেশীরা ভুক্তভোগীদের ডাকচিৎকার শুনে এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী পরিবারটি এলাকায় অত্যন্ত অসহায় ও শান্ত প্রকৃতির। অন্যদিকে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এলাকায় সাধারণ মানুষের ওপর বিভিন্ন সময় চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। জমি বিক্রির পর পুনরায় মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রতিবন্ধী শিশুদের ওপর এমন নৃশংস হামলা স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।শ্রীপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।