লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল এবং এর আশপাশের বেশ কয়েকটি গ্রামে মানুষের জীবনযাপনের প্রয়োজনীয় অবকাঠামো ও সামগ্রী ধ্বংস করে চলেছে।
তারা জানায়, শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে সেনারা শহরটির বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় এবং কুনিন-সাফ আল-হাওয়া সড়কসংলগ্ন আবাসিক এলাকাগুলোর দিকে ভারী মেশিনগান দিয়ে গুলি চালায়।
এতে আরও বলা হয়, মধ্যরাতের কিছুক্ষণ আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোও টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় বিমান হামলা চালায়।
পরে লেবাননের সিভিল ডিফেন্স জানায়, দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় সাত জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন।
ভোরের দিকে ইসরায়েলি বিমান নাবাতিয়েহ জেলার আনসারের উপকণ্ঠ এবং নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশে হামলা চালায়।
সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যাটা প্রাথমিক। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে।