মানবতার সেবায় সিভাসু পরিবার, বাঁশখালীর ৩১ বন্যার্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদান

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত এবং গবাদিপ্রাণী ক্রয়ের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যার্ত ৩১ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলার সরকারি আলাওল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর শাহনাজ সুলতানা, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির, কর্মকর্তা প্রতিনিধি সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. জালাল উদ্দিন, সহকারী রেজিস্ট্রার মো. ওমর ফারুক এবং ছাত্র প্রতিনিধিরা।

এর আগে গত ১২ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল ও ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের গবাদিপ্রাণুর জন্য প্রাণী-খাদ্য ও প্রয়োজনীয় ওষুধসামগ্রীও বিতরণ করা হয়।

সিভাসু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করা বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।