অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, ব্যাংকারসহ গ্রেপ্তার ২, কোতোয়ালী থানায় মামলা

চট্টগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে ব্যাংকের এক সিনিয়র অফিসার ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।

পুলিশ জানায়, গত ১ জুন ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে কামরুল হোসেন অন্যদের সঙ্গে যোগসাজশ করে ব্যাংকের ভল্টে নগদ টাকা জমা দেওয়ার সময় বড় বান্ডেলের ভেতরে কৌশলে ১০০ টাকা বা তার কম মূল্যের ছোট নোট ঢুকিয়ে রাখতেন। এতে বাইরে থেকে ভল্টে পর্যাপ্ত টাকা রয়েছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে সেখানে দেখানো পরিমাণের টাকা থাকত না বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, ব্যাংকের হিসাবের সঙ্গে ভল্টের টাকার হিসাব মনগড়াভাবে মিলিয়ে রাখার পাশাপাশি আত্মসাৎ করা টাকা বিভিন্ন সময়ে ব্যবসায়ী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে স্থানান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে কামরুল হোসেন জানান, আত্মসাৎ করা অর্থ বিনিয়োগ করে এবং জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে তা দেখাশোনা করার শর্তে দুজনের সমন্বয়ে চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর বুড়িশ্চর এলাকার ফজদের আলী ফকির বাড়িতে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এভাবে পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে মোট ৪ কোটি ৩৮ লাখ টাকা স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি জানার পর ব্যাংকের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়।

এরপর গত ১০ আগস্ট অভিযান চালিয়ে মামলার দুই আসামি কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে দুই গ্রেপ্তার আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানার মামলা নম্বর-২২, তারিখ ১০ আগস্ট ২০২৬; দণ্ডবিধির ৪০৮/৪২০/৩৪ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।