যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগেও প্রকাশ্যে কথা বলেছেন অনেক জনপ্রিয় তারকা। যাদের মধ্যে রয়েছেন অলিভিয়া রদ্রিগো, কেটি পেরি, নোয়া কাহান ও সাবরিনা কার্পেন্টার। তবে ট্রাম্পের সঙ্গে টেইলর সুইফটের সম্পর্ক নিয়ে এবার সামনে এসেছে ভিন্ন ধরনের ঘটনা।
সম্প্রতি হোয়াইট হাউস ও ‘টিম ট্রাম্প’–এর টিকটক অ্যাকাউন্টের কয়েকটি পোস্ট থেকে টেইলরসুইফটের গান সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই পপ তারকা।
এর মধ্যে একটি ভিডিওতে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে আতশবাজি দেখতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে টেইলরসুইফটের ‘অগাস্ট’ গান ব্যবহার করা হয়েছিল। পরে গানটি পরিবর্তন করে ট্রাম্পকে সমর্থন করে এমন একটি গান বসানো হয়।
নতুন ওই গানে বলা হয়েছে, ‘আই লাভ ট্রাম্প, আই লাভ ট্রাম্প, মেক আমেরিকা গ্রেট এগেইন’। অর্থাৎ, ‘আমি ট্রাম্পকে ভালোবাসি, আমি ট্রাম্পকে ভালোবাসি, আমেরিকাকে আবার মহান করি।’
আরেকটি পোস্টে ট্রাম্পের ছবির সঙ্গে টেইলরসুইফটের ‘ফাদার ফিগার’ গানের কিছু লাইন ব্যবহার করা হয়েছিল। এখন সেই পোস্টে গানের জায়গায় দেখা যাচ্ছে, ‘দিস সাউন্ড ইজন্ট অ্যাভেইলেবল’—অর্থাৎ, ‘এই গানটি এখন আর পাওয়া যাচ্ছে না।’
তবে ঠিক কী কারণে টেইলরসুইফটের গানগুলো এসব পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পরিষ্কার নয়। তার পক্ষ থেকে হোয়াইট হাউসকে কোনো আপত্তি জানানো হয়েছিল কি না, কিংবা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছিল কি না, সেটিও জানা যায়নি।
প্রসঙ্গত, টেইলরসুইফট নিজের গান ও ব্র্যান্ড ব্যবহারের বিষয়ে বেশ সতর্ক হিসেবে পরিচিত। তবে এবার ট্রাম্পের পোস্ট থেকে তার গান সরিয়ে নেওয়ার ঘটনায় তিনি এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এ বিষয়ে টেইলরসুইফটের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।