এসএসসি ফলাফলে ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যাহত:

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস ও গোল্ডেন এ-প্লাসের চমক!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’ এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই সাফল্যের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা বজায় রেখেছে। আজ প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থী ‘গোল্ডেন এ-প্লাস’ ও ‘এ-প্লাস’ অর্জন করে বিদ্যালয়ের ইতিহাসে এক নতুন মাত্রা যুক্ত করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে ১৯ জন এবং মানবিক বিভাগ থেকে ১২ জনসহ এ বছর বিদ্যালয়টি থেকে মোট ৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ পাসের রেকর্ড গড়ে ১৯ জনই সফলতার সাথে কৃতকার্য হয়েছে, মানবিক বিভাগ থেকেও ১১ জনই উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১ জন গোল্ডেন এ-প্লাস, ৩ জন এ-প্লাস (A+), ২০ জন ‘এ’ (A) গ্রেড এবং অবশিষ্ট শিক্ষার্থীরাও অন্যান্য সম্মানজনক গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই প্রতিষ্ঠানটির এমন ধারাবাহিক সাফল্য সত্যিই ঈর্ষণীয়।

অসাধারণ এই ফলাফলের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. রাশিদুল হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের বিদ্যালয়টি গ্রামীণ পরিবেশে অবস্থিত হওয়ায় সাধারণত আমরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরই বেশি পেয়ে থাকি। কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত আমাদের নিজস্ব সুনির্দিষ্ট লেসন প্ল্যান (পাঠপরিকল্পনা) এবং যুগোপযোগী সিলেবাস অনুযায়ী নিয়মিত পাঠদানই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।

দুর্বল শিক্ষার্থীদের যোগ্য করে তুলে শতভাগ পাসের চ্যালেঞ্জ জয় করা কঠিন হলেও, আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং ক্যালেন্ডার ভিত্তিক সুশৃঙ্খল একাডেমিক কার্যক্রমের ফলেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে।”

এছাড়াও এবার ফলাফলে পাশের হার পূর্বের বছরের তুলনায় কম বলে ফলাফল কিছুটা দুর্বল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার উপরে অনেকেই বিভিন্ন বিষয়ে ৭৮/৭৯ নম্বর পেয়েছে যা এ প্লাসের সমকক্ষ বলে ধরে নেয়া যায়। ৭৮ /৭৯ পাওয়ার এই ঘটনাটি প্রতিবছরই লক্ষ্য করা যায়। এই বিষয়টির দিকে কর্তৃপক্ষকে নজর দেয়ার ব্যাপারেও তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও জানান, শুধু পুথিগত শিক্ষাতেই নয়; বরং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে (Co-curricular activities) শিক্ষার্থীদের সরব উপস্থিতির কারণে অতি অল্প সময়েই বিদ্যালয়টির সুনাম নোয়াখালী জেলাসহ দূর-দূরান্তেও ছড়িয়ে পড়েছে। শতভাগ পাসের এই সাফল্য আগামী ব্যাচগুলোতেও ধরে রেখে আরও ভালো ফলাফল করার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এসএসসি পরীক্ষায় এমন অসামান্য সাফল্য অর্জন করায় প্রধান শিক্ষক উত্তীর্ণ সকল মেধাবী শিক্ষার্থী, তাদের গর্বিত অভিভাবক, বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনের পথচলায় তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।