এসএসসির ফলাফলে ধস, পাসের হার কমল ৬.২০ শতাংশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার কমেছে। চলতি বছর অনুষ্ঠিত পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে এই হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬.২০ শতাংশীয় পয়েন্ট।
যদিও সাধারণ শিক্ষা বোর্ডগুলোর চিত্র জাতীয় গড়ের চেয়ে কিছুটা আলাদা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছরের ৬৮.০৪ শতাংশের তুলনায় ৩.৯৯ শতাংশীয় পয়েন্ট কম। অন্যদিকে দাখিল ও কারিগরি শিক্ষায় পাসের হার যথাক্রমে ৫৫.৪৯ ও ৫৮.২০ শতাংশ।
ফলাফল অনুযায়ী, এ বছর ঢাকায় পাসের হার ৭১.৬৩ শতাংশ। কুমিল্লায় পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ ফাইভ ৯৮১৪। চট্টগ্রামে পাসের হার ৫৯.৪৮ শতাংশ। যশোরের পাসের হার ৬৬.২৭ শতাংশ। বরিশালের পাসের হার ৬০.৩৫ শতাংশ। সিলেটের পাসের হার ৫৮.৩৩ শতাংশ। দিনাজপুরের পাসের হার ৫৮.০৫ শতাংশ। ময়মনসিংহের পাসের হার ৫৭.৩৯ শতাংশ।
এছাড়া মাদ্রাসায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ। কারিগরি বোর্ডের পাসের হার ৫৮.২০ শতাংশ।
পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।