পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলার আসামি গ্রেপ্তার

 

গাজীপুর মহানগরীর পূবাইলে দুই বছর ছয় মাস বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রেজাউল (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ

শনিবার (৮ আগস্ট) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার কুদাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পূবাইল থানার এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মারুফ হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার শংকরপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে কুদাব এলাকার একটি শয়নকক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় মামলা করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।