তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।  সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  সোমবার সকাল থেকে  সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  তিনি বলেন, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, এ সময়ের শেষের দিকে দিনের তাপমাত্রা কমতে পারে।  তবে সীমিত পরিসরে ঝড়-বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানান তিনি।

রোববার (১৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়।  ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  ১৯৬৫ সালের পর অর্থাৎ গত ৫৮ বছরে এটিই ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।