স্মার্ট বাংলাদেশ গড়তে প্রশিক্ষিত জনশক্তি চাই: প্রধানমন্ত্রী

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা পুনরুল্লেখ করে এর জন্য প্রশিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার (১৬ এপ্রিল) সকালে গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) অষ্টম সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কী কী করণীয়, কীভাবে আমরা পথ চলতে পারি, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি- জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল (এনটিসি) সে বিষয়গুলো সামনে নিয়ে আসবে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী অঙ্গীকার আজকের ডিজিটাল বাংলাদেশ।  এর সুফল কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষ পাচ্ছে।  আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, রাস্তাঘাটসহ দেশের সার্বিক উন্নতি হয়েছে।  সেইসঙ্গে আমাদের জনগোষ্ঠীও যেন আগামী দিনের পথচলায় সমানভাবে প্রশিক্ষিত হয়, সেভাবে আমরা এগিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, যে কোনো বিষয়ে আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।  এর জন্য উপযুক্ত জনশক্তিও আমাদের প্রয়োজন। আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে।  এর জন্যও আমাদের প্রশিক্ষিত কর্মী লাগবে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।