ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ কিট প্যারেডে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠুভাবে বিতরণ এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা প্রতিটি সদস্যের দায়িত্ব।
তিনি আরও বলেন, বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত প্যারেড অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও তদারকি অব্যাহত থাকবে।
কিট প্যারেডে সদস্যদের ইউনিফর্ম, সরকারি সরঞ্জাম ও অন্যান্য কিটসামগ্রী পরিদর্শন করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।