জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে পিরোজপুরে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণ এবং অবৈধ ও ক্ষতিকর মৎস্য আহরণ প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাছের পুষ্টিগুণ, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, মৎস্যচাষি প্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফলভাবে উদযাপনের পাশাপাশি জেলার মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।