রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে মালামাল সরানোর কাজ শুরু হয়েছে।
সুপার ও চন্দ্রিমার মাঝখানের রাস্তায় পুড়ে যাওয়া যাওয়া মালামাল রাখা হয়েছে। সিটি করপোরেশন ও পুলিশের সদস্যরা ব্যারিকেড দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।
অন্যদিকে পার্শ্ববর্তী চন্দ্রিমা মার্কেটে অগ্নিঝুঁকি আছে- এমন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন। তারা গলিতে রাখা মালামাল সরিয়ে নিতে বলছেন। যারা দোকান খুলেছেন, পুলিশ সদস্যরা মালিক সমিতির নেতাদের নিয়ে তাদের দোকান বন্ধ করার জন্য বলছেন।
সুপার মার্কেটের তৃতীয় তলায় ২৪৫ নম্বর দোকানের কর্মচারী সুমন কাজী বলেন, আমাদের দোকানে তিন হাজার পিস কাপড় ছিল। আগের দিন প্রায় দেড় লাখ টাকার মতো বিক্রি হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এক টাকাও বের করতে পারিনি।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।